পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না। মসজিদ আল্লাহর ঘর।মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। তিনি শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। সেই ইসলামকেই মানুষের হৃদয়ে ধারণ করাতে চাই আমরা।তাই মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই, বরং মাহফিল আয়োজনকে সহযোগিতা করতে চাই। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সৎপথের দিশা দেবেন। কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হওয়া উচিত মাহফিলের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকায় এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করতে হবে, যাঁরা কোরআন-হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে সক্ষম।তাঁদের মাধ্যমে মাহফিল আয়োজন করা হলে তাকে স্বাগত জানানো হবে।ধর্মীয় অনুষ্ঠান যেন ইসলামের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচারের মাধ্যম হয়। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা নিশ্চিত করতে আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এমএ বারী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ রফিকুল ইসলাম সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ও আলেম-ওলামারা বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম।






















