রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাষ্ট্রচিন্তার সদস্যসচিব এন এম আয়াস (২৯), সংগঠনটির সদস্য মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পকলা একাডেমি এলাকায় হট্টগোলের মধ্যে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে রাষ্ট্রচিন্তা সংগঠনের কয়েকজন কর্মী শিল্পকলা একাডেমির সামনে যান। একপর্যায়ে তারা দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মাখান বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রচিন্তার সদস্যসচিব আয়াসের বাবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
















