অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।
নারীদের ওয়ানডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের ব্যাটারদের মোট তিনটি সেঞ্চুরি ছিল। এর মধ্যে দুটি করেছিলেন ফারজানা হক পিংকি। অন্য সেঞ্চুরিটি এসেছিল অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন মোস্তারি।
তবে মোস্তারির এই সেঞ্চুরি আগের তিনটি সেঞ্চুরির চেয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে এই কীর্তি গড়েছেন তিনি।
এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে সেঞ্চুরি তো দূরের কথা, ফিফটিও করতে পারেননি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মোস্তারি।



















