পঞ্চগড় প্রতিনিধি-‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, পঞ্চগড়ের আয়োজনে পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পুকুর, নালা, জলাশয় ও খালের পাড়ে হাঁস পালনের মাধ্যমে ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।শুধু খামারীরাই নন, কৃষক ও শিক্ষার্থীরাও হাঁস পালনের মাধ্যমে ডিম উৎপাদন করতে পারেন।
মন্ত্রী বলেন, এই ডিম কিন্তু শুধু খামার চাষীদের জন্য নয়, আজকে কিন্তু এই ডিম বিশেষ করে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। শুধু খামারকারী নয়, আজকে আমাদের বিশেষ করে পুকুর, নালা, জলাশয়, বাড়ির আঙিনার আশপাশে কিন্তু আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক এবং ছাত্রছাত্রীরাও হাঁস চাষের মাধ্যমে ডিম উৎপাদন করতে পারে।ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিমকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে হবে। এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার সাইম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, প্রাণিসম্পদের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. শহিদুল ইসলাম সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার পোলট্রি খামারীরা উপস্থিত ছিলেন।



















