পঞ্চগড় প্রতিনিধি- অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা, গ্রাহকদের মিষ্টিমুখ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয় থেকে ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালীতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির আনন্দে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের একটি অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংকও তার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে, ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী শাখায় আগত গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিনের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাখা কার্যালয়ে ৫০ বছর পূর্তির স্মরণীয় মুহূর্ত উদযাপন করতে কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
এ সময় উপস্থিত সবাই আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং আগামী দিনের পথচলা আরও শক্তিশালী ও সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির শাখা ম্যানেজার মোস্তাফিজুর রহমান।


















