Image

অস্কারজয়ী ইভা মারি সেইন্ট আর নেই

বিনোদন ডেস্ক: হলিউডের সোনালী যুগের জনপ্রিয় অভিনেত্রী এবং অস্কারজয়ী ইভা মারি সেইন্ট আর নেই। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। পরিবারের একটি সূত্র মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সির এক কোকার পরিবারে জন্মগ্রহণ করেন ইভা। রেডিও ও টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫০-এর দশকের শুরুর দিকে ব্রডওয়ে মঞ্চ ও ছোট পর্দায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে ১৯৫৪ সালে এলিয়া কাজানের ঐতিহাসিক ড্রামা ফিল্ম ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’-এ মারলন ব্র্যান্ডোর বিপরীতে ইডি ডয়েল চরিত্রে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে ১৯৫৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার অর্জন করেন তিনি।

হলিউডের কিংবদন্তি ক্যারি গ্রান্ট, এলিজাবেথ টেলর, ওয়ারেন বেটি এবং রিচার্ড বার্টনের মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন ইভা। আলফ্রেড হিচককের থ্রিলার সিনেমা ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ (১৯৫৯) ক্যারি গ্রান্টের বিপরীতে ইভ কেন্ডাল চরিত্রে তাঁর অভিনয় চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে।

দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ‘এক্সোডাস’, ‘এ হ্যাটফুল অব রেইন’, ‘রেইনট্রি কাউন্টি’, ‘নাথিং ইন কমন’-এর মতো জনপ্রিয় সিনেমা। ২০০৬ সালে সুপারম্যান সিরিজের ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় ক্লার্ক কেন্টের পালক মাতা মার্থা কেন্ট চরিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনিসিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এমি পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ১৯৫১ সালে অভিনেতা ও পরিচালক জেফ্রি হেইডেনকে বিয়ে করেন ইভা মারি সেইন্ট। ২০১৬ সালে স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৬৫ বছর তারা একসঙ্গে সংসার করেন। এই দম্পতির দুইটি সন্তান রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »