পঞ্চগড় প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ।
তিনি শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার পঞ্চবার পুরস্কার প্রাঙ্গণে ‘জনকল্যাণ সমাজ সেবা সংগঠন আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
মন্ত্রী বলেন মাদক একটি সমাজ ও জাতিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে টেকসই ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সামাজিক সংগঠনগুলো মাদকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, পুলিশ সুপার আবু সাইম এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।সমাবেশে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।


















