সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।
দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনায় ইরানের সর্বশেষ প্রস্তাবের সংশোধিত একটি সংস্করণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সাত দিনের ওই প্রস্তাব দিয়েছিল ইরান।ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরবর্তী যেকোনো আলোচনার মূল বিষয় হবে ইরানের ওই প্রস্তাবের সংশোধিত সংস্করণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর নিউইয়র্কে অবস্থান করা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান তাদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, আমেরিকানরা যদি দাবি করে তারা কোনো সমঝোতা বা শান্তিপূর্ণ সমাধান চায়, তাহলে আমরা সেই সমাধান উপস্থাপন করেছি।
অন্যদিকে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। সাত মাসের যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলো অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারেও এর প্রভাব পড়ে।
এর আগে মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এপ্রিল ও জুনে হওয়া ওই চুক্তিগুলো দ্রুত ভেঙে যায়।
















