• Home
  • অর্থ-বাণিজ্য
  • ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে, মন্ত্রিসভায় অনুমোদন
Image

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে, মন্ত্রিসভায় অনুমোদন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার।

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »