মাদ্রাসার নিরাপত্তা ও নৈতিক পরিবেশ নিশ্চিতে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বর্তমান প্রেক্ষাপটে ক্বওমি মাদ্রাসাসমূহের বিভিন্ন নৈতিক সমস্যা মোকাবিলা এবং মাদ্রাসাগুলোতে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ, কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ক্বওমি মাদ্রাসার মুহতামিম ও আলেম-উলামারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী জামালুদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হারুন, সিনিয়র উপদেষ্টা ও কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল লতিফ, বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোজাম্মেল হক, কুর্শা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফ, হাফেজ আব্দুল আউয়াল, মুফতী আব্দুর রহমান, হাফেজ আনারুল ইসলাম, হাফেজ আমিনুর, মুফতী মুজাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আলেম-উলামা।
মতবিনিময় সভায় ক্বওমি মাদ্রাসাগুলোতে নৈতিক শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং মাদ্রাসাগুলোর সার্বিক পরিবেশ সুরক্ষিত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আলোচনার পর মাদ্রাসাগুলোর নিরাপত্তা ও নৈতিক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে দেশ, জাতি, উম্মাহ ও ক্বওমি মাদ্রাসাগুলোর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।


















