পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পঞ্চগড়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের ব্যবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে মানুষকে জানানো প্রয়োজন। এ কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার-প্রচারণার পরিধি বাড়াতে হবে। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে সহজে জানতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে শুধু আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করলেই হবে না, এর সুফল সম্পর্কে জনগণকে জানাতে হবে।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার গ্রাম আদালতের কার্যক্রম ও জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় জেলা সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, জেলা তথ্য অধিকার কবির উদ্দিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজিউর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।













