• Home
  • আইন-আদালত
  • বাংলাদেশে আসাটাই ভুল’: ‘র’ এজেন্ট সন্দেহে রিমান্ডে ভারতীয় নাগরিক
Image

বাংলাদেশে আসাটাই ভুল’: ‘র’ এজেন্ট সন্দেহে রিমান্ডে ভারতীয় নাগরিক

রাজধানীর উত্তরায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম (৪৪) নামের এক ভারতীয় নাগরিককে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা রবিউলকে গত মঙ্গলবার রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, তার আচরণ ও ঘোরাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়েছিল। তিনি নিয়মিত বাংলাদেশ ভ্রমণের সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি।

বুধবার রিমান্ড শুনানিকালে বিচারক পেশা সম্পর্কে জানতে চাইলে রবিউল আদালতকে জানান, তিনি গত ১৪ সেপ্টেম্বর ঢাকায় এসেছেন। তিনি বলেন, ‘আমি প্রায়ই বাংলাদেশে আসি। এখানে আমার বন্ধুরা পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মালামাল পাঠায়, আর আমি তা দেখাশোনা করি। আমিও পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত।’

এ সময় তার বৈধ ভিসা আছে কি না, বিচারকের এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় আদালতকে জানান, আসামির বৈধ ভিসা রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল তার পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য পরিচয়পত্র যাচাই করে জন্মতারিখে ব্যাপক গরমিল পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদেও তিনি এলোমেলো উত্তর দিয়েছেন। তদন্ত কর্মকর্তার আশঙ্কা, তিনি বড় ধরনের কোনো অপরাধ বা নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এদিকে, আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘আমাকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। তারা সন্দেহ করছে যে আমার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টদের সংশ্লিষ্টতা আছে। কিন্তু এর বিন্দুমাত্র সত্যতা নেই।’

গ্রেপ্তারের পর থেকে পুলিশ তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন এই ভারতীয় নাগরিক। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, বাংলাদেশে আসাটাই আমার ভুল হয়েছে।’

তার দেওয়া এসব তথ্য এবং কাগজপত্রের অসঙ্গতি খতিয়ে দেখতে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »