সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ মাঠে মাঠে সবুজের সমারোহ। সবুজ ক্ষেতের মাঝে কোথাও দেখা মিলছে সোনালি ধানের আভা। তেল, বিদ্যুতের সংকটেও আল্লাহর অশেষ রহমতের বৃষ্টির ফলে ও অনুক‚ল আবহাওয়া সঠিক সময়ে পরিচর্যায় রংপুরের কাউনিয়ায় আমন মৌসুমে ভালো ফলনের আশা করছেন স্থানীয় কৃষকেরা। তবে ধান গোলায় তোলার আগে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণের শঙ্কায় রয়েছেন অনেকই।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্ষেতের ধানগাছ সতেজ ও সবল। কোথাও ধানের শিষ দুলছে বাতাসে, কোথাও আবার দানা পুষ্ট হয়ে উঠছে। সবুজ ক্ষেতের মাঝে কোথাও দেখা মিলছে সোনালি ধানের আভা। মাঠজুড়ে কৃষক এখন আমনক্ষেতের শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ততা। অনুক‚ল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় কাউনিয়ায় চলতি মৌসুমে আমনের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
কৃষি বিভাগ জানায় চলতি আমন মৌসুমে চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১১ হাজার ৪৭০ হেক্টর। আবাদ হয়েছে ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩৭ হাজার৩৫৫ মেঃটন। প্রদর্শনী প্লোট রয়েছে ৪০টি। বেশীর ভাগ প্লোটে বিরি ১০৩ জাতের ধান রোপন করেছে। এছারাও ২হাজার ৪০০ জন চাষিকে প্রনদনা হিসেবে সার ও বীজ দেয়া হয়েছে।
নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র জানান, মৌসুমের শুরু থেকেই জমি প্রস্তুত, সার প্রয়োগ, আগাছা দমনসহ প্রয়োজনীয় পরিচর্যায় গুরুত্ব দিয়ে কৃষি বিভাগের পরামর্শে এখন পর্যন্ত ধানের অবস্থা ভালো রয়েছে। তাই ভালো ফলনের প্রত্যাশা করছি। তবে শেষ সময়ে রোগবালাই বা পোকার আক্রমণ হলে পুরো মৌসুমের শ্রম ও বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে।
হরিশ্বর গ্রামের কৃষক মঞ্জুর আলম বলেন, এবার ধানের অবস্থা ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছি। তবে শেষ বেলায় পোকার আক্রমণ নিয়ে চিন্তা হচ্ছে।
একই গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, শুরুতে তেল বিদ্যুতের সংকট থাকলেও রহমের বৃষ্টির ফলে এখনও আবাদ ভাল আছে। গত বছর শেষ দিকে পোকার আক্রমণে ফলন কমে গিয়েছিল। তাই একটু দুশ্চিন্তায় আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন জানান, কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন। আশা করছি রোগবালাই ও পোকার আক্রমণ নিয়ন্ত্রণে রেখে এবার কৃষকেরা কাংক্ষিত আমনের ফলন গোলায় তুলবেন।














