পঞ্চগড় প্রতিনিধি॥ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা যুবদলের উদ্যোগে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পর্যন্ত পরিচালিত হয়।
অভিযানে যুবদলের নেতাকর্মীরা সড়কের আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।বিভিন্ন স্থানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। বিশেষ করে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ জেলা যুবদলের নেতাকর্মীরা।















