ফেনী প্রতিনিধি: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি ফেনী সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে ফেনীর ফুলগাজীতে।
এরই অংশ হিসেবে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রাত ৮টার দিকে মন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে ফ্যামিলি কার্ড বিতরণ ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে দেখেন।
এ সময় অনুষ্ঠানস্থলের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য জনসমাগম এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
১৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সমাজসেবা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কর্মসূচিটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের একটি তদারকি টিমও গঠন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফুলগাজীতে দলীয় ও প্রশাসনিক পর্যায়েও ব্যাপক প্রস্তুতি চলছে। সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসভাস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীর স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।


















