ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল, শুভপুর, পাঠাননগর ও রাধানগরে মাদক বিরোধী কর্মসূচি পালন করার পর এবার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী ভূঁইয়া বাজারে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ছাগলনাইয়া থানা পুলিশ ও মহামায়া বিট পুলিশের যৌথ উদ্যোগে চাঁদগাজী ভূঁইয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি চাঁদগাজী ভিতর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কের তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকের স্পট ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ ও জনগণের যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ প্রায় ১০০ থেকে ১২০ জন অংশগ্রহণকারী মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















