বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সিফাতের জামিন চেয়েছিলেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য বা গালিগালাজের যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা মামলার এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে বিষয়টি তোলেননি।
রাশেদুল ইসলাম আরও বলেন, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেফতার দেখানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাত ‘ফ্যাসিবাদের দোসর’। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।
পিপি আরও বলেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবে কাজ করেছেন। ৫ আগস্টের আগে থেকেই তিনি ‘ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন’ এবং তা এখনো অব্যাহত রেখেছেন।
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা-পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পরে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
















