পঞ্চগড় প্রতিনিধি- যারা সরকার গঠন করতে পারেন নাই, তারা আজ সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন এবং মব করার ষড়যন্ত্র করছেন। বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা মিটিংয়ে বলে দিয়েছি বিগত দিনের ডিলাররাই বহাল থাকবেন। কিছু কিছু এলাকায় যদি শূণ্য ডিলার থাকে সেখানে ডিলার নিয়োগ করা হবে। তার বাইরে ও স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শক্রমে আরও সার ডিলার নিয়োগ দেওয়া হবে। তারেক রহমান কৃষক বান্ধব সরকার কৃষকদের পাশে থাকবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ইসরায়েল আমেরিকা- ইরানের যুদ্ধের কারণে সারা পৃথিবীতেতেলের জন্য হাহাকার। আমরা চেষ্টা করছি বিদ্যূৎ সমস্যার সমাধান করার। অল্প কিছুদিনের মধ্যে এসমস্যার সমাধান করা হবে। আস্থা ও বিশ্বাস রাখবেন। তিনি বলেন, আমরা ১৭ বছর পর আমরা ক্ষমতায় এসেছি, আমাদের সময় দিতে হবে, কেবল ছয় মাস। নির্বাচনে যে সব প্রতিশ্রতি দিয়েছি তা সব পূরণ করবো।
মন্ত্রী বলেন, কোন মাজার ধ্বংস করার চেষ্টা করা হলে আমরা কেউ ঘরে বসে থাকবোনা। অন্তবর্তী সরকারের সময় ১২৭টি মাজার ধ্বংসের চেস্টা করা হয়েছিল। মসজিদের খাদেমকে পুড়িয়ে মারা হয়েছিল।আমরা বলতে চাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাইনা। আমার যে বাক স্বাধীনতা চিন্তা চেতনা, আমরা যে ভাব , আমার যে মনোবৃত্তি আমি তা শান্তিপূর্ন উপায়ে প্রকাশ করি। হযরত মুহাম্মদ (সা.) কোথায় বলেছেন, জোড় করে একজনকে আমার ধর্মে আনতে হবে। কোন হাদিসে বলেছেন। কিন্তু যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি সেখানেই দেখি ওই যারা বলে বেড়াচ্ছিলেন তাদের মার্কায় ভোট দিলে তাদের সাথে থাকলে জান্নাতি।এই মিথ্যা ভ্রান্ত কথা বলে মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্ত হিন্দু খৃষ্টান সকল ধর্মের মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল বারি, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল প্রমূখ।


















