২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে টেলিভিশন নাট্যকার সংঘ। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন টেলিভিশন নাট্যকার সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হয়েছেন মারুফ হোসেন সজিব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
সাধারণ সভায় বক্তারা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরারও গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।
নবনির্বাচিত কমিটির নেতারা ২০২৬–২০২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


















