হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: ‘উচ্চারণে শুদ্ধতা, আবৃত্তিতে প্রাণ, কবিতার আলোয় আসুক নবজাগরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘উচ্চারণ আবৃত্তি চক্র’ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ ওসমান গনি। বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে আমাদের জীবনদর্শন নিহিত রয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি অভিভূত হন। ‘উচ্চারণ আবৃত্তি চক্র’-এর সাধারণ সম্পাদক এনামুল হায়দার বাবুল বলেন, আবৃত্তি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত করা, বাংলা ভাষা ও সাহিত্যের শুদ্ধ উচ্চারণের চর্চা ছড়িয়ে দেওয়া এবং কণ্ঠশিল্পীদের মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা, সঠিক উচ্চারণ ও ভঙ্গিমার মাধ্যমে সাহিত্যচর্চায় উৎসাহ দেওয়া, শিক্ষার্থীদের আত্মপ্রকাশের সক্ষমতা বৃদ্ধি এবং কবিতা ও আবৃত্তির প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় বরগুনার বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তিতে অংশ নেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন বরগুনার বিশিষ্ট সংগীতশিল্পী মোশতাক আহমেদ, মনোয়ার হোসেন, গোপাল রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা কবিতা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং শুদ্ধ উচ্চারণের চর্চাকে আরও বিস্তৃত করতেই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

















