আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল ও বহুমাত্রিক মেধার অনন্য স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী রিশাদ আল নাশিদ (রাহি)। সে নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে সে তার অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। রিশাদ আল নাশিদ রাহি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রাতোয়াল ধনতলা গ্রামের মৃত আকতার হোসেন ও মাতা শাপলা খাতুনের ছেলে। রাহি কেবল পড়াশোনাতেই নয়, ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চা ছবি আঁকা, চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জনের গৌরবময় ইতিহাসও রয়েছে তার। নিজের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ¡সিত রিশাদ আল নাশিদ (রাহি) জানায়, নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ পড়াশোনা, স্কুলের শিক্ষকমন্ডলীর সঠিক দিকনির্দেশনা, পরিবারের সার্বিক সহযোগিতা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানসিক বিকাশই তাকে এ অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে নিজের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে সে দৃঢ় প্রতিজ্ঞ। তার এই অসামান্য কৃতিত্বে বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিবার এবং স্থানীয় শুভাকাঙ্খীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবাই রাহির উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

















