সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির টয়লেট অন্যত্র সরিয়ে নেওয়া এবং ময়লা-আবর্জনা ফেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের বিরোধের জেরে হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার চন্দনধূল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রোজিনা বেগম (৫৫) নামের এক নারী। এ ঘটনায় তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে রোজিনা বেগম উল্লেখ করেন, অভিযুক্ত মোঃ নাঈম (১৮), পিতা আজিজ শেখ এবং মোঃ আব্দুল (১৮), পিতা মতিন ঢালী—তারা তার প্রতিবেশী। বাড়ির টয়লেট অন্যত্র সরিয়ে নেওয়া এবং বাড়ির ময়লা-আবর্জনা ফেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় অশালীন কথাবার্তা ও হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে রোজিনা বেগমের মেয়ে রিতু আক্তার বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে এসে পূর্ববিরোধের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা টেঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিতু আক্তারকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় রোজিনা বেগমের নাতিকে ইট দিয়ে পিঠে আঘাত করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
রোজিনা বেগমের দাবি, অভিযুক্তদের এমন আচরণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তার মেয়ে বা পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা করে গুরুতর ক্ষতি করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ঘটনায় তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



















