• Home
  • বিনোদন
  • মহানায়ক উত্তম কুমারের নামে কলকাতায় হচ্ছে ফিল্ম সেন্টার
Image

মহানায়ক উত্তম কুমারের নামে কলকাতায় হচ্ছে ফিল্ম সেন্টার

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে তার স্মৃতিকে সম্মান জানিয়ে একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে অন্যতম হলো, কলকাতায় উত্তম কুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার নির্মাণ এবং ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণ।

শুক্রবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের ফাইবারের মূর্তি ও একটি স্মারক ফলকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি, চলচ্চিত্র ব্যক্তিত্ব, উত্তম কুমারের পরিবারের সদস্য এবং আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তারা মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তার নামে একটি ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে।

এ ছাড়া কলকাতা পুরসভার অধীন ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্বও সরকার নিয়েছে। জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে রবীন্দ্র সদন বা নন্দনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই গঠন করা হবে মূল উদযাপন কমিটি।

মুখ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী এবং মহানায়কের অনুরাগীরা দীর্ঘদিন ধরে তার জন্মদিন রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে উদযাপনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আহ্বানেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, মহানায়ককে ঘিরে সব আয়োজনই তার পরিবারের সম্মতি ও সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »