পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরামদায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১২টি বিদ্যালয়ে ফ্লোর ম্যাট (মাদুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব ফ্লোর ম্যাট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে ফ্লোর ম্যাট তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঘটবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম।
এ সময় সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












