আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূত ভাবে অন্য ইউনিয়নে বিক্রির সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গুদাম সিলগালা ও সার ডিলারের ১৫ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম এই অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম ঘর থেকে গত ১৮ জুলাই শনিবার সকালে দুই ভটভটি যোগে রাসায়নিক সার নিয়ম উপেক্ষা করে আদমদীঘি ইউনিয়নে নিয়ে আসার পথে উপজেলা সদরের তালশন কালীবাড়ি এলাকায় কৃষক ও স্থানীয় জনতা চোখে পড়ে। এ সময় স্থানীয় জনতা ওই চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা সারগুলো কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাটের বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছে বলে জানান। এরপর ঘটনাটি গণমাধ্যম কর্মীরা জানার পর কৃষি অফিসার রবিউল ইসলামকে অবহিত করলে তিনি সার গুলো অন্য উপজেলার বলে বিষয়টি এড়িয়ে যান। এ সংক্রান্ত “আদমদীঘি একই ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে গতকাল রবিবার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম অভিযান পরিচালনা করে কড়ই বাজারে মেসার্স কাশেম এন্টারপ্রাইজ এর গুদাম ঘর সিলগালা ও ডিলারের ১৫ হাজার টাকা জরিমানা করেন।













