• Home
  • বিনোদন
  • মসজিদ নির্মাণ করবেন ববিতা, এটাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন
Image

মসজিদ নির্মাণ করবেন ববিতা, এটাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন

বিনোদন রিপোর্টার: জীবনের শেষ প্রান্তে এসে সমাজের জন্য কল্যাণকর কাজ করে যেতে চান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা। সেই ভাবনা থেকেই গ্রামের বাড়ি যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে জন্মভিটা যশোরের বিজয়নগর সফরে গিয়ে তিনি মসজিদ নির্মাণের জন্য জমি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন।

গণমাধ্যমে তিনি বলেন, ‘এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।’

জীবনের এই পর্যায়ে এসে তার সবচেয়ে বড় চাওয়া একটি মসজিদ নির্মাণ করা। আল্লাহ যেন তাকে এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের তৌফিক দান করেন, সেই প্রার্থনাও করেন এই কিংবদন্তি অভিনেত্রী।

ববিতা বলেন, ‘একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগির মসজিদের নকশা করব। তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুপালি পর্দার এই অভিনেত্রী। এছাড়াও ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা ও ২০২৬ সালে একুশে পদক প্রদান করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »