• Home
  • বিনোদন
  • থ্রি ইডিয়টস, সোনম ওয়াংচুককে নিয়ে মন্তব্য – কড়া সমালোচনার মুখে আমীর খান
Image

থ্রি ইডিয়টস, সোনম ওয়াংচুককে নিয়ে মন্তব্য – কড়া সমালোচনার মুখে আমীর খান

‘থ্রি ইডিয়টস’ সিনেমার আইকনিক চরিত্র ‘ফুংসুখ ওয়াংড়ু’ লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়—আমির খানের এমন দাবির পর ভারতে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এই মন্তব্যের জেরে বিরোধী দলের নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার। খবর ইন্ডিয়া টুডের।

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খান দাবি করেন, ২০০৯ সালে ছবিটি নির্মাণের সময় তারা সোনম ওয়াংচুকের কথা জানতেন না। ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রটি সোনম ওয়াংচুকের ওপর ভিত্তি করে তৈরি, এই ধারণাটি একটি ‘ভুল বোঝাবুঝি’ মাত্র। তার এই মন্তব্যের পরই সরব হয়েছেন বিভিন্ন মহলের সমালোচকরা।

আমির খানের কঠোর সমালোচনা করে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) রাজ্যসভার এমপি মনোজ ঝা বলেন, সরকারের সামনে মেরুদণ্ড সোজা রাখা সহজ কাজ নয়। তার ভাষায়, ‘ছবিটি কত বছর আগে মুক্তি পেয়েছে? এতদিন কেন তারা এই কথা বলেননি? আজ এই সময়ে দাঁড়িয়ে তার এই বয়ান স্পষ্ট করে দেয়, ক্ষমতার লড়াইয়ের সামনে নিরপেক্ষ থাকা কতটা কঠিন।’

আমির খানকে আক্রমণ করেছেন আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার এমপি সঞ্জয় সিংও। তিনি অভিযোগ করেন, ‘ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযানের ভয়ে আমির খান বা কোনও পাঠানই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। বিজেপি বা বর্তমান ক্ষমতার সামনে সবাই মাথা নত করেছেন।’

প্রবীণ কংগ্রেস নেতা হোসেন দলওয়াই বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমির খান আমার অন্যতম প্রিয় অভিনেতা। কিন্তু তিনি কেন এত ভীত, তা বুঝতে পারছি না। সোনম ওয়াংচুক দিনের পর দিন অনশন করছেন, তার প্রতি সংহতি জানানো উচিত ছিল।’

সমাজকর্মী প্রশান্ত ভূষণ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘শেষ পর্যন্ত সোনম ওয়াংচুকের অনশন নিয়ে মুখ খুলেছেন আমির খান, তবে তার জবাব ছিল অতি দুর্বল। থ্রি ইডিয়টস বা সত্যমেব জয়তে-র মতো বিপ্লবমুখী কাজের সেই মানুষটি যেন এখন ম্লান হয়ে গেছেন।’

অন্যদিকে, সাবেক কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমির খানের মতে থ্রি ইডিয়টস-এর ফুংসুখ ওয়াংড়ু সোনম ওয়াংচুকের দ্বারা অনুপ্রাণিত নয়। ঠিকই বলেছেন, ঠিক যেমন ১৯৮২ সালের গান্ধী সিনেমাটিও মহাত্মা গান্ধীর ওপর ভিত্তি করে তৈরি হয়নি।’

বিতর্কের মুখে আমির খান জানান, সোনম ওয়াংচুকের কাজের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াংচুক যেন দ্রুত অনশন ভেঙে সুচিকিৎসা নেন।

প্রসঙ্গত, নিট-এর পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তরমন্তরে অনির্দিষ্টকালের অনশন করছেন সোনম ওয়াংচুক। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, অনশনের ফলে ইতোমধ্যে তার ওজন নয় কেজির বেশি কমেছে। তার এই লড়াইয়ের সমর্থনে জিনাত আমান, শাবানা আজমি, সোনাক্ষী সিনহা এবং অভয় দেওলের মতো চলচ্চিত্র তারকারা সরকারের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »