• Home
  • দেশ
  • সিংড়া উপজেলায় প্রাথমিক বৃত্তিতে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল
Image

সিংড়া উপজেলায় প্রাথমিক বৃত্তিতে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে নাটোরের সিংড়া উপজেলার শীর্ষে অবস্থান করছে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। পাসের হার ও বৃত্তির সংখ্যা উভয় দিক থেকেই প্রতিষ্ঠানটি এবার উপজেলায় সেরা ফলাফল করার গৌরব অর্জন করেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মান উন্নয়নে দ্রুত সুনাম কুড়ানো এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা ‘বিয়াম ফাউন্ডেশন’ দ্বারা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে মোট ২২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থীই কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদত হোসেন জানান, ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই দীর্ঘ বিরতির পরও আগের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে অধ্যক্ষ বলেন, “সর্বশেষ ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জনই বৃত্তি পেয়েছিল, যা ছিল শতভাগ সাফল্য। স্কুল প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নবান। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত নিবিড় পাঠদান এবং অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতার সম্মিলিত ফসলই আজকের এই অনন্য অর্জন। আমরা আশাবাদী, সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানের সভাপতি ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এই যুগান্তকারী সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মিত মনিটরিং অত্যন্ত জরুরি।

ইউএনও বলেন, “উপজেলা প্রশাসন পরিচালিত এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ সু-শৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এখানে আলাদা বিশেষ পরিচর্যার ব্যবস্থাও রয়েছে। আমরা সবসময়ই শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছি। এই নিয়মতান্ত্রিকতা ও কঠোর তদারকির কারণেই শিক্ষার্থীরা প্রতি বছর এমন গৌরবময় ফলাফল উপহার দিতে পারছে।”

উপজেলার সচেতন মহল মনে করছেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের এই ধারাবাহিক সাফল্য সিংড়া অঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »