দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৯৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৭৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯০ জন। গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে মোট ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।













