পঞ্চগড় প্রতিনিধি : উপবৃত্তির জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার একজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে তিনি একাধিক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতেন এবং গভীর রাতে অডিও ও ভিডিও কল করে বিরক্ত করতেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ অভিযোগটি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
জানা গেছে, সম্প্রতি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখা। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমের মাধ্যমে নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থীদের দাবী, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর থেকেই রূপালী ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরে রাতের বেলায় অডিও ও ভিডিও কল দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন। একই ধরনের ঘটনার শিকার হন আরও কয়েকজন শিক্ষার্থী। এতে তারা বিব্রত ও আতঙ্কিত হয়ে বিষয়টি কলেজের শিক্ষকদের অবহিত করেন।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা আমাদের কলেজের অনেক শিক্ষার্থীকে রাতের বেলায় অডিও-ভিডিও কল দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন বলে অভিযোগ এসেছে। একটি ব্যাংকের কাছে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এ ধরনের আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি আমরা রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপককে লিখিতভাবে জানিয়েছি।
অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে ব্রাঞ্চে যোগাযোগ করুন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, পঞ্চগড় সরকারী মহিলা কলেজ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলী করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।














