• Home
  • আন্তর্জাতিক
  • ওআইসির নিন্দা, ‘লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করল ইসরায়েল’
Image

ওআইসির নিন্দা, ‘লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করল ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক-ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে লাউডস্পিকারে আজান প্রচারে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।সংস্থাটি এই পদক্ষেপকে মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে।

ওআইসির মতে, এই উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা এবং ইবাদতের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি এই বিলটিকে ‘অকার্যকর ও বাতিলযোগ্য একটি পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছে।

একই সঙ্গে একে বৈষম্যমূলক ও বর্ণবাদী প্রকৃতির একটি আইনগত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। ওআইসি আরও উল্লেখ করেছে যে ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করা এবং ওই অঞ্চলের আরব ও ইসলামি পরিচয়কে মুছে ফেলার উদ্দেশ্যে ইসরাইল দীর্ঘদিন ধরে যে ধারাবাহিক বৈষম্যমূলক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আসছে, এই বিলটি তারই একটি বিপজ্জনক সম্প্রসারণ।

১২০ সদস্যবিশিষ্ট ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বিলটি ৫০-৩৬ ভোটের ব্যবধানে প্রাথমিক অনুমোদন পায়। এই বিলে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র বা লাউডস্পিকার স্থাপন কিংবা ব্যবহার করা যাবে না।

তবে বিলটি এখনই চূড়ান্ত আইনে পরিণত হচ্ছে না। ইসরাইলি আইন অনুযায়ী এটিকে কার্যকর আইন হিসেবে কার্যকর করতে হলে পার্লামেন্টে আরও তিনটি পর্যালোচনার (রিডিং) ধাপ পার হতে হবে এবং প্রতিটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »