পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকার ক্ষুদ্র চা চাষী মতিয়ার রহমান জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি ২০০১ সালে চা চাষ শুরু করেন। বর্তমানে ২০ একর জমিতে চা রয়েছে তার। শনিবার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাকে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে “চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি” প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার (২০ জুন, ২০২৬) বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে “জাতীয় চা দিবস ২০২৬” উদযাপন এবং “জাতীয় চা পুরস্কার ২০২৬” প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান এনডিসি । বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং টিপিটিএবি, বটলিফ টি ফ্যাক্টরি মালিক সমিতির প্রতিনিধি, চা শিল্প সংশ্লিষ্ট অংশীজন এবং চা শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।সকালে প্রধান অতিথি কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর চা শিল্প সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে “জাতীয় চা পুরস্কার ২০২৬” প্রদান করা হয়।











