কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর মৃত্যু আগেই হয়েছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক বলে জানা গেছে। তিনি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বুড়িরহাট এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।














