• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা, ভারতের ভূখন্ডে রুখে দিলো বিজিবি
Image

পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা, ভারতের ভূখন্ডে রুখে দিলো বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত এলাকায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। বিজিবির কঠোর অবস্থান এবং সীমান্তবর্তী গ্রামবাসীর সহায়তায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে ওই ১০ জনকে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রাখা হয়েছে। তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ১০ জন নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করার চেষ্টা করেছে। আমরা তাদের এখনো শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখেছি। বিষয়টি নিয়ে বর্তমানে কোম্পানি পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *