ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, সমঝোতার সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে। তবে ইরানের জব্দ করা অর্থ ছাড়সহ কয়েকটি জটিল বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো চুক্তিতে সম্মতি দেবেন না, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে ধ্বংস করবে। তবে আলোচনায় থাকা সম্ভাব্য সমঝোতা স্মারকে এমন কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হয়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আলোচনা দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেও যুদ্ধবিরতি, অর্থনৈতিক বিষয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে আরও সময় লাগতে পারে।













