• Home
  • খেলা
  • গেইলের রেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী
ছবি : সংগৃহীত

গেইলের রেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়কর ব্যাটার বৈভব সূর্যবংশী এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ার ঘোষণা দিয়েছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করার লক্ষ্য জানিয়েছেন এই তরুণ ওপেনার।

সাবেক ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেনের আলোচনামূলক অনুষ্ঠান দ্য সুইচ-এ বৈভব বলেন, তাঁর লক্ষ্য টি-টোয়েন্টিতে ২০০ রান করা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলে তিনি এই রেকর্ড গড়তে পারবেন। বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে আইপিএলে তিনি অপরাজিত ১৭৫ রান করেছিলেন। সেই রেকর্ডই ভাঙতে চান বৈভব।

এর আগেও বড় ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন ১৯০ রানের ইনিংস, আর যুব বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৭৫ রান। টি-টোয়েন্টিতে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। চলতি আইপিএল ২০২৬-এ ইতোমধ্যে ১৪ ম্যাচে ৫৮৩ রান করে এক আসরে কিশোর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। তাঁর ব্যাটিং গড় ৪১ দশমিক ৬৪ এবং স্ট্রাইক রেট ২৩২ দশমিক ২৭। পাশাপাশি ৫৩টি ছক্কা হাঁকিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ডাক পাওয়া এই তরুণের আন্তর্জাতিক অভিষেক এখন সময়ের অপেক্ষা। টি-টোয়েন্টিতে ২০০ রানের স্বপ্ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »