ফেনী প্রতিনিধি: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ফেনী মডেল থানা পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা থেকে ৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
এছাড়া আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মালামাল উদ্ধারের ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে গাজীপুর যাওয়ার পথে ফেনীতে থামিয়ে অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় মামলা হলে তদন্তের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় ফেনী মডেল থানার টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ২২ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী মডেল থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


















