যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত আবেদন গ্রহণে ট্রাম্প প্রশাসনের আরোপিত বিতর্কিত নিষেধাজ্ঞা বাতিল করেছে একটি ফেডারেল আদালত। এর ফলে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের জন্য আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় নতুন আশার সঞ্চার হয়েছে।
শুক্রবার (৫ জুন) রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রোভিডেন্সে অবস্থিত চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোনেল এক গুরুত্বপূর্ণ রায়ে এ সিদ্ধান্ত দেন। একই সঙ্গে তিনি মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) প্রণীত কয়েকটি নীতিমালাও বাতিল ঘোষণা করেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব নীতির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশের আবেদনকারীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বিচারক ম্যাককোনেল মনে করেন, এই নীতিগুলো অভিবাসন প্রক্রিয়াকে অযৌক্তিকভাবে জটিল ও বিলম্বিত করেছে।
রায়ে তিনি উল্লেখ করেন, যারা কংগ্রেস নির্ধারিত আইন এবং ইউএসসিআইএসের বিধি মেনে বৈধ প্রক্রিয়ায় আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তিতে অকারণ দীর্ঘসূত্রতা দেখানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে এসব আবেদনকারীকে মাসের পর মাস অপেক্ষা করতে বাধ্য করা হয়েছে, যা ন্যায়সঙ্গত নয়।
আদালতের এ সিদ্ধান্তকে অভিবাসী অধিকারকর্মীরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, এর ফলে হাজারো আবেদনকারীর দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া আবারও স্বাভাবিক গতিতে এগোবে।















