• Home
  • দেশ
  • শ্রীনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
Image

শ্রীনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে জনভোগান্তির চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় বালুদস্যু ও দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই জ্যেষ্ঠ সাংবাদিক। হামলার শিকার সাংবাদিকরা হলেন শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ‘দৈনিক সংবাদ’-এর প্রতিনিধি নজরুল ইসলাম এবং প্রেস ক্লাবের অপর সাবেক সভাপতি ও ‘দৈনিক যুগান্তর’-এর প্রতিনিধি আওলাদ হোসেন। তারা দুজনেই সুনামের সঙ্গে একাধিকবার প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামসিদ্ধি-সেলমতি সড়কের বেহাল দশা ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরতে পেশাগত দায়িত্বে সেখানে যান ওই দুই সাংবাদিক। সড়কটির খানাখন্দের ছবি ও ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আওলাদ হোসেন এবং কাছেই মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ছিলেন নজরুল ইসলাম। এ সময় ওই এলাকার চিহ্নিত বালু ও ডাম্প ট্রাক ব্যবসায়ী আল-আমিন (পিতা: মালেক মোড়ল)-এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়।

সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গেলে সাংবাদিক আওলাদ হোসেনের ওপরও চড়াও হয় হামলাকারীরা। দুর্বৃত্তরা দুই সাংবাদিককে উপর্যুপরি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

হামলাকারীরা হুমকি দিয়ে বলে, “তিন দিন আগে আমার বিরুদ্ধে যে লাইভ নিউজ করছিস, সেটা এখনই ডিলিট কর। নইলে এখানেই মেরে ফেলব।”

পরবর্তীতে ঘটনার সময় রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »