পানি সম্পদ প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় প্রতিনিধি-পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাত্রারিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে পড়েছে তরুণ-কিশোররা। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কুঁড়ি-২৬ কর্মসূচী চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোববার( ৩১ মে) পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারী অডিটরিয়ামে টু-স্টার ফুটবল একাডেমীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অভিভাবকদের এগিয়ে এসে শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম। বোদা টু-স্টার ফুটবল একাডেমীর সাফল্য প্রমাণ করে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতোটা উজ্জ্বল।’
এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টু-স্টার ফুটবল একাডেমি কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুলসহ খেলেয়াড়েরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন।

















