সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ অনিন্দ্য সৌন্দর্যের প্রতীক পদ্মফুল। জলজ ফুলের রানি হিসেবে পরিচিত এই ফুল শুধু প্রকৃতিপ্রেমীদের মনই কাড়ছে না, রংপুরের কাউনিয়া উপজেলার বেতানি বিলে এটি এখন স্থানীয় মানুষের আয়েরও একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে। বর্ষা এলেই প্রাকৃতিকভাবে ফোটা হাজারো গোলাপি ও সাদা পদ্মফুলকে ঘিরে জমে ওঠে ছোট্ট মৌসুমি বাণিজ্য।
সরেজমিনে দেখা যায়, কাউনিয়া উপজেলার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশের বেতানি বিলে বর্ষার শুরুতেই ফুটতে শুরু করেছে অসংখ্য পদ্মফুল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে গোলাপি ও সাদা পদ্মের সমারোহ সৃষ্টি করেছে নয়নাভিরাম দৃশ্য। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
শুধু সৌন্দর্য উপভোগই নয়, স্থানীয় অনেকের জন্য পদ্মফুল বিক্রি এখন বাড়তি আয়ের মাধ্যম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিল থেকে পদ্মফুল সংগ্রহ করে মহাসড়কের পাশে বিক্রি করছেন স্থানীয় বয়স্ক ও শিশুরা। প্রতিটি পদ্মফুল ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়।পদ্মফুল বিক্রেতা হাসিবুল, বকুল ও রফিকুল জানায়, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার ফুল বিক্রি করতে পারেন তারা। এই আয় দিয়ে সংসারের খরচে সহযোগিতা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর ধরে বর্ষাকালে প্রাকৃতিকভাবে বেতানি বিলে বিপুল পরিমাণ পদ্মফুল ফুটছে। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত বিলজুড়ে এ ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। রাস্তার দুই পাশজুড়ে বিস্তৃত বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে।
দর্শনার্থী মফিজুল ইসলাম বলেন, “পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। ফেরার সময় কয়েকটি ফুল কিনে নিয়ে যাব।”স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “বিভিন্ন এলাকা থেকে মানুষ পদ্মবিল দেখতে আসেন। তারা সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখান থেকে পদ্মফুল কিনেও নিয়ে যান।”
স্থানীয় ব্যাংকার নুর আমিন বলেন, “পদ্মফুলকে ঘিরে অনেকের মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফুল বিক্রি করে তারা বাড়তি আয় করছেন।”কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “বেতানি বিলের পদ্মফুলের বিষয়টি সম্পর্কে শুনেছি। এটি নিয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে বিলটির সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে উদ্যোগ নেওয়া যায় কি না, তা বিবেচনা করা হবে।”
বর্ষার কয়েক মাস প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায়ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কাউনিয়ার বেতানি বিলের এই পদ্মফুল। যথাযথ উদ্যোগ ও পরিচর্যা পেলে এটি ভবিষ্যতে পর্যটন ও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।















