পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করার সময় বিদ্যূুৎস্পষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট এলাকায়। নিহতের নাম নাসিমা বেগম (৩৫)। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী।
জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়তে ছিলাম। আম্মু ম্যাজিক চুলায় ভাত রান্না করছিল। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে ডাক্তার বলেন, আম্মু আগেই মারা গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে শোক নেমে আসে।















