পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড় জেলায় জ্বালানী তেলের পর্যাপ্ত মজুত রয়েছে , কোন গুজব নয়, এমন কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন।এ অবস্থায় গুজব, বিভ্রান্তিককর বা ভিত্তিহীন তথ্যের প্রভাবে অতিরিক্ত জ্বালানী তেল ক্রয় বা মজুত না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী জ্বালানী তেল ক্রয় করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত করলে বাজারে সাময়িক সংকট সৃষ্টি হতে পারে, যা জনস্বার্থের পরিপন্থী। স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সকলের সচেতন সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা প্রশাসন পঞ্চগড় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে জ্বালানী তেলের মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকী করা হচ্ছে ।
এতে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি কিংবা বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো ধরনের অসাধু কার্যকলাপে জড়িত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সর্বসাধারণকে গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানী তেল ক্রয়ের মাধ্যমে স্বাভাবিক বাজার ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।এদিকে একটি মহল হঠাৎ জ্বালানী তেল নিয়ে ইতোমধ্যে গুজব ছড়াচ্ছে বলে প্রশাসনের প্রতীয়মান হয়েছে।















