‌‌‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে হাজির হয়েও যে কারণে পারফর্ম করেনি আর্টসেল

0
49

বিনোদন প্রতিবেদক: বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট। এদিন লাখও মানুষের ঢল নেমেছিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সবেশেষে নগরবাউল জেমসের পারফরম্যান্সের মধ্যদিয়ে কনসার্টের পর্দা নামে। আর শুরুটা হয়েছিল বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশিদ আলমের গানে। তবে কনসার্টে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এলেও শেষে পারফর্ম করতে দেখা যায়নি ব্যান্ড আর্টসেলকে। যদিও ব্যাকস্টেজে উপস্থিত ছিল ব্যান্ডটি। এ নিয়ে কনসার্টে আগত ভক্ত-অনুরাগীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে অবশ্য কনসার্ট শেষ হওয়ার পরপরই একটি পোস্ট দেয় আর্টসেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। যার কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শোতে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি।’

অনুরাগীদের উদ্দেশে তারা বলে, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে।’যোগ করে বলেছে, ‘‘সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে সংগীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।’’

প্রসঙ্গত, মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই বিজয় কনসার্টের আয়োজক ছিল ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এদিন খুরশিদ আলম-জেমস ছাড়াও পারফর্ম করেন পার্থ বড়ুয়া, আসিফ, বেবি নাজনীন, নাসিম খান, প্রীতম, ইমরান, মনির খান, কণা, চিশতী বাউল প্রমুখ। ব্যান্ডের মধ্যে ছিল ডিফারেন্ট টাচ, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীনসহ আরও অনেকে। উপস্থাপনা করেছেন রাফসান সাবাব ও শান্তা জাহান।

NO COMMENTS

LEAVE A REPLY