• Home
  • অর্থ-বাণিজ্য
  • বেড়েছে রসুন-কাঁচা মরিচের দাম, সবজি-পেঁয়াজ ও ডিমে স্বস্তি
Image

বেড়েছে রসুন-কাঁচা মরিচের দাম, সবজি-পেঁয়াজ ও ডিমে স্বস্তি

রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দামে স্বস্তি ফিরেছে। সবজি, ডিম ও দেশি পেঁয়াজের দাম কমলেও কাঁচামরিচ ও দেশি রসুনের দাম বেড়েছে। অন্যান্য অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কমে যাওয়ায় ডিমের চাহিদার চাপও কিছুটা কমেছে। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।

বর্তমানে ঝিঙা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং করল্লা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে মিলছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। সবজির মধ্যে বেগুনের দাম তুলনামূলক বেশি, যা ৭০ থেকে ১১০ টাকা কেজি। এছাড়া গাজর ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে এখন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় নেমেছে। দেশি আদার সর্বনিম্ন দাম ১৪০ টাকা থেকে কমে ১৩০ টাকায় এলেও সর্বোচ্চ দাম ১৬০ টাকাই রয়েছে। আমদানিকৃত রসুনের সর্বোচ্চ দাম ২২০ টাকা থেকে কমে ২০০ টাকায় নেমেছে। তবে দেশি রসুনের সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় উঠেছে।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর প্রতিবেদনে এসব দামের প্রতিফলন পাওয়া গেছে। টিসিবির মাসিক তথ্যে দেখা যায়, দেশি রসুনের দাম মাসের ব্যবধানে প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বিপরীতে দেশি পেঁয়াজের দাম প্রায় ১১ দশমিক ১১ শতাংশ, লেবুর দাম ২৫ শতাংশ এবং শসার দামও ২৫ শতাংশ কমেছে।

ডিমের বাজারেও স্বস্তি ফিরেছে। ফার্মের বাদামি ও সাদা ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমেছে। বর্তমানে বাদামি ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি কক মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি রয়েছে।

মাছের বাজারে চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা, রুই ২৮০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭৫০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম এখনও বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »