বিনোদন জগতে তারকাসন্তান মানে না চাইতেও বারবার প্রচারের আলোয় চলে আসে অনেকেই। সেই বিড়ম্বনায় একাধিকবার পড়তে হয়েছে পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতিকে। তাদের বড় ছেলে তৈমুরকে নিয়েও একটা সময়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।
যে বিষয়টি ভীষণভাবে সমালোচিতও হয়েছিল, সেটি হলো— একরত্তির নাম। অনেকেই বলেছিলেন, তৈমুর লঙ্গের মতো অত্যাচারী নৃপতির নামে ছেলের নাম রাখা উচিত হয়নি সাইফ ও কারিনার। যতই সমালোচনা হোক, কিন্তু ছেলের এ নামকরণে সাইফকে কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী কারিনা।
তৈমুরের জন্মের পর থেকেই সব ক্যামেরা তাক করা ছিল তার দিকে। প্রতিনিয়ত সন্তানের নাম নিয়ে সমালোচিত হতে হয়েছে এ তারকা দম্পতিকে। ছেলের নাম নিয়ে এ সমালোচনা সহ্য করাটাও খুব একটা সহজ ছিল না তাদের।
সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, ‘আমার মনে হয় সাইফ রাজা তৈমুরের অনুরাগী। ও ছোটবেলায় খুব ইতিহাসের বই পড়ত। সেই জন্যই হয়তো এ নাম দিয়েছে।’
তবে অভিনেত্রীর এ মতের সঙ্গে সহমত নন সাইফ আলি খান। এ অভিনেতা বলেন, ‘আমরা যে বাড়িতে থাকতাম, তার পাশে তৈমুর নামে একটি ছেলে থাকত। তৈমুর নামের মানে লোহা। যেখান থেকেই আমার আর কারিনার নামটা পছন্দ হয়েছিল। তবে খুব ভুলভাবে এ নামের ব্যাখ্যা করা হয়।’

















