রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় দুটি ট্রাকের বেপরোয়া গতি ও ওভারটেক করার প্রতিযোগিতার জেরে প্রাণ হারিয়েছেন সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালক।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সনজিত উপজেলার ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি অটোরিকশা চালিয়েই পরিবারের ভরণ পোষণ করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগামী ট্রাক একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সনজিতের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর-ই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত জামতলীর দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এমন আঞ্চলিক সড়কে চালকদের এমন বেপরোয়া গতি এবং আইন অমান্য করে রেষারেষি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
















