গায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার

0
6

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দেবরাজ চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়–এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে ২০১১ সালের ভোট-পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তোলাবাজি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে আলোচিত ছিল।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেবরাজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ওঠে, আইনি জটিলতা এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। অবশেষে দীর্ঘ লুকোচুরির পর তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।

তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে দেবরাজ চক্রবর্তীকে উত্তর চব্বিশ পরগনা ও যুব তৃণমূলের অন্যতম প্রভাবশালী সংগঠক হিসেবে দেখা হতো। কামারহাটি থেকে বিধাননগর পর্যন্ত যুব সংগঠনের নিয়ন্ত্রণে তার শক্ত অবস্থান ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও আগে থেকেই ইডি ও সিবিআইয়ের নজরদারিতে ছিলেন দেবরাজ। সর্বশেষ রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY