দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

0
2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও দেশের অভ্যন্তরে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বর্তমানে দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয় তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে দেশের এভিয়েশন খাতের অগ্রগতি উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। নির্দিষ্ট সময়সীমাকে লক্ষ্য রেখে বর্তমানে এর যাবতীয় প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুততার সাথে পর্যাপ্ত হামের টিকা সংগ্রহ করেছে। এর পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই দেশব্যাপী ‘হেলথ কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অগ্রগতি জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থবির হয়ে থাকা স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

NO COMMENTS

LEAVE A REPLY