এখনো কাটেনি ফেড কাপ ফাইনালের জট, বাফুফেতে জরুরি সভা

0
2

স্পোর্টস রিপোর্টার: ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে মোহামেডান-বসুন্ধরা কিংস। ফাইনাল ম্যাচ আজ কিংসের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মোহামেডান তাদের আগে সিদ্ধান্তেই অটল রয়েছে। তারা কিংসের মাঠের খেলবে না। গতকাল মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে বাফুফে ভবনে মিটিং হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মোহামেডানের সঙ্গে মিটিং করেন। মোহামেডানের পক্ষ থেকে পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান গিয়েছিলেন। তিনি পরিষ্কার তাদের অবস্থান জানিয়েছে কিংসের মাঠে খেলতে যাবে না।

বাফুফে ভবন থেকে বেরিয়ে মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান বলেছেন, ‘আমি ক্লাবের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে জানিয়ে দিয়েছি কিংস অ্যারেনায় আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব না। বিকল্প হিসেবে যে কোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের অনুরোধ করেছি। এখন বাফুফে কী করবে, সেটা তাদের বিষয়।’

মোস্তাকুর রহমান বলেন, ঐ মাঠে অতীতে মোহামেডান যত প্রতিকূলতার মধ্যে পড়েছিল, সবই অবহিত করেছি সভাপতিকে। কোথায় খেলা হবে সভাপতি তাৎক্ষণিক কিছু বলেননি। অন্যদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলেছেন। আপাতত এ পর্যন্তই আছে ইস্যুটা।’

পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন মোহামেডান তাদের অবস্থানে রয়েছে। খেলবে না। তিনি বলেন, ‘দুই দলের (মোহামেডান-বসুন্ধরা কিংস) পালটাপালটি অভিযোগ রয়েছে। মোহামেডানের কুমিল্লা ভেন্যু নিয়েও কিংসের অভিযোগ রয়েছে।’ তিনি বোঝাতে চাইছেন মোহামেডানেরও দোষ আছে।

তাবিথ বলেছেন, ১৩ এপ্রিল ফেডারেশন কাপের ড্র হয়েছে। অন্যদিকে মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানিয়েছেন, ‘ড্রয়ের অনুষ্ঠানে আমরা প্রথমেই বলেছিলাম ফাইনালে যদি মোহামেডান এবং বসুন্ধরা কিংস ওঠে। তাহলে কিংসের মাঠে আমরা ফাইনাল খেলব না। যদি মোহামেডান ফাইনালে ওঠে, প্রতিপক্ষ আবাহনী হলেও আমাদের আপত্তি নেই। কিন্তু কিংসের মাঠে কিংসের বিপক্ষে ফাইনাল খেলব না।’

কুমিল্লায় গত ১২ মে ব্রাদার্সকে হারিয়ে মোহামেডান ফাইনালে ওঠে। মোহামেডান জানায় তারা খেলা শেষে মাঠ থেকে বেরও হয়নি। সঙ্গে সঙ্গে লিগ কমিটি থেকে খুদে বার্তা পাঠিয়ে বলা হয় ফাইনাল কিংসের মাঠে হবে। কী কারণে এটা বলতে হলো-প্রশ্ন নকিবদের। তিনি বলেন, ‘কারণ আমরা আগেই জানিয়েছিলাম বসুন্ধরা কিংসের বিপক্ষে কিংসের মাঠে ফাইনাল খেলবে না মোহামেডান।’

ঘটনার এখানেই শেষ নয়, বিষয়টি গুরুতর বলে মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন জানিয়েছিলেন ক্লাবের সভাপতি সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু নিজে বাফুফের সভাপতিকে ফোন করে জানিয়েছিলেন মোহামেডান কিংসের মাঠে খেলতে যাবে না। কেন যাবে না, সেটিও জানিয়েছিলে তিনি। সেই সঙ্গে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মোহামেডান থেকে চিঠিও দেওয়া হয়েছিল বাফুফেকে। বিষয়টি নিয়ে তখনই সুরাহা করার চেষ্টা করা হলে এত দূর গড়াত না।

কিন্তু বাফুফে সেগুলোর গুরুত্ব অনুধাবন করেনি। সভাপতি চলে গিয়েছিলেন থাইল্যান্ড। সেখান থেকে পরশু ফিরে গতকাল মোহামেডানের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল। দেখলেন মোহামেডান আগের অবস্থানে রয়েছে। গতকাল জানিয়েছেন আজ রাতেই (গতকাল) সিদ্ধান্ত হয়ে যাবে। ‘দুই দলই খেলতে চায়, খেলোয়াড়রা প্রস্তুতি, সমর্থকরা ভালো দেখার আশায় রয়েছে। দুই ক্লাবের মনজয় করে একটা সিদ্ধান্ত নিতে আমি চেষ্টা করছি।’

দেরিতে হলেও তাবিথ উপলব্ধি করতে পারছেন, ‘আমাদের উচিত ছিল আরও আগ থেকে কিছু সিরিয়াস বিষয় বিবেচনায় আনা।’ কোন বিষয়গুলো সিরিয়াস, সেটি সবার সামনে প্রকাশ করেননি তাবিথ। ফেডারেশনের বিভিন্ন সূত্রের দাবি কিংসের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার পর ফিফার কাছে কয়েকবার জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। কিন্তু তখন এগুলোকে আমলে না নেওয়ার কারণে সমস্যাগুলো ঘরোয়া লিগেও সংক্রমিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY